সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ, নতুন নির্দেশনা জারি
সরকারি যেকোনো অনুষ্ঠান, প্রকল্প বা কর্মসূচির প্রচারে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে আর প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করে সংশ্লিষ্ট সব সরকারি প্রতিষ্ঠানকে তা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে সরকার।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে প্রকাশিত এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, সরকারি প্রচারণামূলক উপকরণে থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে সংশ্লিষ্ট অনুষ্ঠানের উদ্দেশ্য, মূল বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে ফুটে ওঠে। প্রচারণাসামগ্রীতে ব্যক্তির ছবি নয়, বরং কর্মসূচির তথ্য ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
এ ছাড়া, সব ধরনের প্রচারণামূলক উপকরণে প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক তথ্য উপস্থাপনের ওপর জোর দেওয়া হয়েছে, যাতে জনগণ সহজেই কর্মসূচি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে পারেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের এই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। পরিপত্র অনুযায়ী, নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে।

























