যুক্তরাজ্যে এক লাখ পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস
যুক্তরাজ্যে এক নজিরবিহীন সাইবার হামলায় প্রায় এক লাখ পুলিশ কর্মকর্তার নাম ও যোগাযোগের গোপন তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ডেটাবেজে অনুপ্রবেশ করে হ্যাকাররা এসব স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেয়।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হ্যাকাররা পুলিশ ন্যাশনাল লিগ্যাল ডেটাবেজে অনুপ্রবেশ করে কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করে। যুক্তরাজ্যের বিভিন্ন পুলিশ বাহিনী আইনি তথ্য ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য এই অনলাইন ডেটাবেজ ব্যবহার করে থাকে।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, এই হামলার পেছনে ‘এক্সফিলস্কোয়াড’ নামের একটি সাইবার অপরাধী গোষ্ঠীর হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি পশ্চিমাদের বিভিন্ন সরকারি ও কৌশলগত প্রতিষ্ঠানে একের পর এক চালানো সাইবার হামলার অংশ হিসেবেই এই ঘটনাকে দেখছেন তদন্তকারীরা।
এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের তথ্যও সাইবার হামলার শিকার হয়। এছাড়া গত সপ্তাহে দেশটির শিক্ষা বিভাগে হামলা চালিয়ে পাঁচ লাখের বেশি তথ্য ফাঁস করা হয়েছিল।























