মিরপুর-১০ ও ফার্মগেটে মেট্রোরেলে ‘বোমা আতঙ্ক’, ব্যাগ খুলে মিলল পান-জর্দা
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের দ্বিতীয় তলায় দুপুরে সন্দেহজনক ব্যাগটি দেখা যায়। মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন, ১ আগস্ট
রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে পাওয়া দুটি সন্দেহজনক ব্যাগ ঘিরে সৃষ্ট আতঙ্কের অবসান ঘটেছে। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট জানিয়েছে, ব্যাগ দুটিতে কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।
শনিবার দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা জানায়, মিরপুর-১০ স্টেশনে পড়ে থাকা ব্যাগটি প্রথমে এক্স-রে স্ক্যান করা হয়। ভেতরে কৌটার মতো কিছু দেখা যাওয়ায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সতর্কতার সঙ্গে ব্যাগটি খুলে পরীক্ষা করে। পরে দেখা যায়, সেখানে ছিল পান ও জর্দার একটি কৌটা—বিপজ্জনক কিছু নয়।
অন্যদিকে, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচতলায় একটি পিলারের পাশে পড়ে থাকা পরিত্যক্ত বস্তাটিও পরীক্ষা করে পুলিশ। সেখানেও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক উপকরণ পাওয়া যায়নি।
দুপুরের দিকে দুটি স্টেশনে সন্দেহজনক বস্তু থাকার খবর পেয়ে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে কার্যক্রম সীমিত করা হয়। ওই সময় মেট্রোরেলের ট্রেন দুটি স্টেশনে থামেনি বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর-১০ স্টেশনের দ্বিতীয় তলায় যাত্রীদের নজরে আসে একটি ব্যাগ। একই সময়ে ফার্মগেট এলাকায় আরেকটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে ডাকা হয়।
মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, মেট্রোরেল কর্তৃপক্ষের তথ্য পাওয়ার পরপরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজানও জানান, ফার্মগেটের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মেট্রোরেলসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।























