বিয়ে করছেন রোনালদো, কোথায় বসছে রাজকীয় আয়োজন?
অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ। ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শনিবার পর্তুগালের মাদেইরা দ্বীপে তাদের বিয়ে অনুষ্ঠিত হতে পারে।
এই যুগল মাদেইরাতে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, দ্বীপের রাজধানী ফুনচালের ক্যাথিড্রালটি আগামী শনিবার একটি জমকালো বিয়ের জন্য বুক করা হয়েছে। নিয়ম অনুযায়ী, সেখানে বিকেল ৩টায় বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে।
বিয়ের সংবর্ধনার আয়োজন করা হয়েছে কাছাকাছি অবস্থিত পাঁচ তারকা সাভয় প্যালেস হোটেলে। জানা গেছে, অনুষ্ঠানের কারণে শুক্রবার ও শনিবার হোটেলের দুটি তলা এবং কয়েকটি বার সাময়িকভাবে বন্ধ থাকবে।
২০১৬ সালে স্পেনীয়-আর্জেন্টিনীয় বংশোদ্ভূত জর্জিনার সঙ্গে রোনালদোর সাক্ষাৎ হয় এবং গত আগস্টে তিনি তাকে বিয়ের প্রস্তাব দেন। গত সপ্তাহে মায়োর্কায় একটি ইয়টে ওঠার সময় এই দম্পতিকে হীরের আংটি পরা অবস্থায় দেখা গেছে।
এর আগে রোনালদো একাধিকবার জানিয়েছিলেন, সঠিক সময় এলেই তিনি বিয়ে করবেন। তার ভাষ্য অনুযায়ী, বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্তটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত। এক ঘনিষ্ঠ বন্ধুর দেওয়া আংটি হাতে নিয়ে তিনি যখন ভাবছিলেন, তখন তাদের দুই ছোট মেয়ে এসে বাবাকে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা বলে।
সন্তানদের সেই কথাকেই বিশেষ ইঙ্গিত হিসেবে গ্রহণ করেন রোনালদো। এরপর আর দেরি না করে জর্জিনাকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর এবার সেই সম্পর্কই পরিণতি পেতে যাচ্ছে বিয়ের মাধ্যমে।
























