বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পেল জাতীয় পরিবেশ পদক ২০২৫
মনিরুজ্জামান মনির ,প্রধান প্রতিবেদক
পরিবেশ সংরক্ষণ, গবেষণা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)-কে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ প্রদান করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে এ সম্মাননা তুলে দেন।
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পক্ষে মহাপরিচালক ড. নার্গীস আক্তার প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় পরিবেশ পদক ২০২৫ গ্রহণ করেন।
পাট গবেষণা ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে পরিবেশবান্ধব গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠানটির গবেষণায় জলবায়ু সহনশীল পাটের জাত উদ্ভাবন, পরিবেশবান্ধব জৈব বালাইনাশক উন্নয়ন, বায়োডিগ্রেডেবল প্রযুক্তির প্রসার এবং টেকসই কৃষি ও পরিবেশ রক্ষায় বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেকসই গবেষণার মাধ্যমে দেশের সবুজ উন্নয়নকে এগিয়ে নিতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের এই স্বীকৃতি ভবিষ্যতে আরও নতুন উদ্ভাবনের পথকে উৎসাহিত করবে।

























