প্রেমিকার সঙ্গে মৃত্যুর পথে, শেষ মুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত; নদীতে ঝাঁপ দিয়ে একাই ভেসে উঠলেন প্রেমিক
ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রেমের এক নাটকীয় ঘটনার সাক্ষী হয়েছেন স্থানীয় বাসিন্দারা। একসঙ্গে জীবন শেষ করার উদ্দেশ্যে যমুনা নদীর ওপর একটি সেতুতে পৌঁছেছিলেন এক তরুণ-তরুণী। তবে শেষ মুহূর্তে নিজের সিদ্ধান্ত বদলে সেতু থেকে সরে যান তরুণী। আর কিছু বুঝে ওঠার আগেই নদীতে ঝাঁপ দেন তার প্রেমিক। পরে উদ্ধার হওয়ার পর তিনি বুঝতে পারেন, মৃত্যুর পথে তিনি একাই পা বাড়িয়েছিলেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৬ জুলাই)। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, যুগলকে সেতুর ওপর কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। এরপর তরুণটি নদীতে ঝাঁপ দেন। কিন্তু ঝাঁপ দেওয়ার ঠিক আগে বা সঙ্গে সঙ্গে তরুণী পিছু হটে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া তরুণের নাম আন্নু গুপ্তা। নদীতে থাকা কয়েকজন ব্যক্তি ও স্থানীয়দের তৎপরতায় তাকে দ্রুত জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রয়াগরাজ পুলিশের ভাষ্য, কী কারণে ওই যুগল এমন চরম সিদ্ধান্ত নিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে চলে যাওয়া তরুণীর পরিচয় শনাক্ত ও তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শেষ মুহূর্তে তরুণীর সিদ্ধান্ত বদল এবং প্রেমিকের একা নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনাকে ঘিরে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
























