প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশাল সফর: বৃক্ষরোপণ ও দলীয় কর্মসূচিতে ব্যস্ত তারেক রহমান
নিজস্ব সংবাদ :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে পৌঁছেছেন তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তিনি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে পৌঁছে স্থানীয় কর্মসূচিতে অংশ নেন।
সকালে রাজধানীর গুলশান এভিনিউয়ের সরকারি বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সফরসূচি অনুযায়ী, গৌরনদীর সরিকল-বাটাজোর খালপাড়ে আয়োজিত বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় প্রায় দুই হাজার গাছের চারা রোপণের উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করেন।
সফরের শেষ মুহূর্তে যুক্ত হওয়া আরেকটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
এরপর তিনি বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে বরিশালের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত আমড়া এবং নারিকেল গাছের চারা নিজ হাতে রোপণ করবেন। পাশাপাশি খালপাড়জুড়ে দেশীয় ফলদ, বনজ ও ফুলের শতাধিক গাছ লাগানোর কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।
বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী, বরিশাল সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।
বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানান, প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তারেক রহমানের প্রথম বরিশাল সফর। এ কারণে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে জনসাধারণের ভোগান্তি এড়াতে সফরের সব আয়োজন পরিকল্পিতভাবে পরিচালনা করা হয়েছে।