প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেফতার
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করা হয়েছে। সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় তাকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করে বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছে।
বুধবার (৫ আগস্ট) সকালে ঢাকার পূর্ব মনিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার ঘটনাকে কেন্দ্র করে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দেন। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে তিনি পোস্টটি ডিলিট করে দিয়ে দুঃখ প্রকাশ করেন এবং দল থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়।
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে গত ২ আগস্ট তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। মামলার বাদী জানান, ওই ফেসবুক পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি ও জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরবর্তীতে তীব্র সমালোচনার মুখে অভিযুক্ত ব্যক্তি পোস্টটি মুছে ফেলেন।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, মঙ্গলবার রাতে ঢাকার মনিপুর এলাকা থেকে এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে বগুড়ায় নিয়ে আসা হয়েছে এবং এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।























