পুলিশের গাড়িতে হামলার আশঙ্কা, দেশজুড়ে বাড়ানো হলো নিরাপত্তা সতর্কতা
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সন্দেহজনক ব্যাগ ও বস্তা উদ্ধারের ঘটনার পর পুলিশের ব্যবহৃত যানবাহনকে সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে বিবেচনা করে দেশব্যাপী বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো এক জরুরি বার্তায় বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্যদের ব্যবহৃত জিপ, পিকআপ, বাসসহ সরকারি যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পালনকালে কোনো কারণে যানবাহন থামাতে হলে তা যেন নিরাপদ স্থানে রাখা হয়। একই সঙ্গে দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড বা নির্ধারিত পার্কিং এলাকায় থাকা সরকারি যানবাহনের নিরাপত্তা বাড়াতে বলা হয়েছে।
এ জন্য নিয়মিত টহল, বাড়তি নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো অস্বাভাবিক কার্যক্রম দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতেও বলা হয়েছে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে।
সম্প্রতি রাজধানীতে কয়েকটি সন্দেহজনক বস্তু উদ্ধারকে কেন্দ্র করে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতরে রাখা সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়। পরদিন বাংলাদেশ ব্যাংকের সামনে ছাতা বের হয়ে থাকা একটি বস্তা পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর ধারাবাহিকতায় শনিবার মিরপুর-১০ মেট্রো স্টেশনের দ্বিতীয় তলায় একটি সন্দেহজনক ব্যাগ এবং প্রায় একই সময়ে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে একটি পিলারের পাশে আরেকটি বস্তা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থল পরীক্ষা করে জানায়, সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পুলিশ নিয়মিতভাবেই বিভিন্ন সতর্কতামূলক নির্দেশনা দিয়ে থাকে। সাম্প্রতিক বার্তাটিও সেই ধারাবাহিকতার অংশ। তিনি বলেন, পুলিশের সদস্যদের আরও সক্রিয় ও সতর্ক রাখতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে, এতে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

























