তারেক রহমানের মন্ত্রিসভায় নতুন চার মুখ, রদবদল হচ্ছে একাধিক মন্ত্রণালয়ে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন। তাঁদের মধ্যে একজন পূর্ণমন্ত্রী এবং তিনজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। একই সঙ্গে বর্তমান সরকারের কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তরেও পরিবর্তন আনার প্রস্তুতি চলছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির শপথ শেষ হওয়ার পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, নতুন রাষ্ট্রপতিই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন। শপথের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
অন্যদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে। সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন।
নতুন চারজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কৃষি, বস্ত্র ও পাট, শিল্প এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় রয়েছে। নতুন দায়িত্ব বণ্টনের পাশাপাশি বর্তমান কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তরেও রদবদল হতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন সদস্যদের শপথ গ্রহণের পরই মন্ত্রিসভার দপ্তর বণ্টন ও পুনর্বিন্যাসের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। এ ছাড়া মন্ত্রীর পদমর্যাদায় পাঁচজন এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরও পাঁচজন উপদেষ্টা রয়েছেন।
























