তরুণ উদ্ভাবকদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর, এমআইএসটির বিশ্বচ্যাম্পিয়ন দলকে অভিনন্দন
প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে তরুণ গবেষক ও উদ্ভাবকদের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের নতুন প্রজন্মের উদ্ভাবকরাই আগামী বাংলাদেশের চালিকাশক্তি। গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় তাদের পাশে থাকবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক প্রতিযোগিতা ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বিজয়ী দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এমন অর্জন দেশের প্রযুক্তিগত সক্ষমতার নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তিনি মনে করেন, এ ধরনের উদ্ভাবন ভবিষ্যতে দেশের শিল্প, প্রতিরক্ষা ও সামুদ্রিক প্রযুক্তি গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
এমআইএসটির শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। রোবটটির নকশা, কার্যক্ষমতা, ব্যবহারিক সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, রোবটটির প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণার সম্প্রসারণ, বাণিজ্যিক ব্যবহার এবং ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা বিবেচনা করা হবে।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তারা প্রযুক্তি খাতেই কাজ করতে এবং নিজেদের উদ্যোগে নতুন উদ্ভাবনী প্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে আগ্রহী তরুণদের জন্য সরকারের স্টার্টআপ কর্মসূচির আওতায় প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
অর্থনীতির বহুমুখীকরণের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তৈরি পোশাক খাতের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকস শিল্পকে শক্তিশালী করে রপ্তানি সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিয়ে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষ মানবসম্পদ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি খাতে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারলে বাংলাদেশ আরও দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।
উল্লেখ্য, কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে গত ২৩ থেকে ২৯ জুন অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর দলকে পেছনে ফেলে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল প্রথম স্থান অর্জন করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র দ্বিতীয় এবং আয়োজক দেশ কানাডা তৃতীয় স্থান লাভ করে।
বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং বিজয়ী দলের শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।























