ঢাকা আসছেন ট্রাম্পঘনিষ্ঠ মার্কিন বিশেষ দূত সার্জিও গর, নজরে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক
তিন দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছাচ্ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। তার সফরকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বহুমুখী আন্তর্জাতিক যোগাযোগ ও আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সফরকালে সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পেশাজীবী সংগঠন এবং নাগরিক সমাজের সদস্যদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন বলেও জানা গেছে।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, এই সফরের অন্যতম উদ্দেশ্য হতে পারে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা–ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে চীন, রাশিয়া ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ আন্তর্জাতিক পর্যায়ে নতুন আগ্রহ তৈরি করেছে।
গত ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর জুনে প্রধানমন্ত্রীর চীন সফর, একই সময়ে পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকে আন্তর্জাতিক মহল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ওয়াশিংটন বাংলাদেশের কৌশলগত অবস্থান ও আঞ্চলিক ভারসাম্য রক্ষার নীতিকে আরও ভালোভাবে বুঝতে আগ্রহী বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্ট মহলের ধারণা, সার্জিও গর ঢাকা–দিল্লি সম্পর্ক এবং নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে বাংলাদেশের চলমান সম্পর্কের অগ্রগতি সম্পর্কেও জানতে চাইতে পারেন। একই সঙ্গে আঞ্চলিক বিভিন্ন বিষয়ে দুই দেশের অবস্থান ও সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হতে পারে।
এ ছাড়া চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত সম্পৃক্ততা, রাশিয়ার সঙ্গে জ্বালানি ও কৌশলগত যোগাযোগ এবং তুরস্কের সঙ্গে বাড়তে থাকা সহযোগিতার বিষয়গুলোও মার্কিন পক্ষের আগ্রহের কেন্দ্রে থাকতে পারে বলে কূটনৈতিক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।
উল্লেখ্য, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মার্চে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ ঢাকা সফর করেন। ফলে অল্প সময়ের ব্যবধানে দক্ষিণ ও মধ্য এশিয়া সংশ্লিষ্ট একাধিক উচ্চপর্যায়ের মার্কিন কর্মকর্তার বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্কের গুরুত্বকেই তুলে ধরছে।
সম্প্রতি ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ানের আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক হয়। ওই বৈঠকে সার্জিও গরও উপস্থিত ছিলেন এবং সেখানে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সার্জিও গর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ভারতের মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূতের দায়িত্ব গ্রহণের আগে তিনি হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর ঢাকা সফরকে তাই শুধু একটি নিয়মিত কূটনৈতিক সফর নয়, বরং দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের বৃহত্তর কৌশলগত আগ্রহের অংশ হিসেবেও দেখা হচ্ছে।























