ঢাকার দূষণ ও যানজট কমাতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা, বাতিল হবে ফিটনেসবিহীন যান, বাড়ছে স্মার্ট ট্রাফিক সিগন্যাল
রাজধানী ঢাকার বায়ুদূষণ, শব্দদূষণ এবং যানজট নিয়ন্ত্রণে একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশদূষণকারী বাস, ট্রাকসহ সব ধরনের অনুপযুক্ত যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ঢাকার অন্তত আরও ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশনা দেন।
শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ প্রতিরোধসংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে রাজধানীর ক্রমবর্ধমান বায়ুদূষণের অন্যতম কারণ হিসেবে ইটভাটার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। এ সময় পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে ইট উৎপাদন সম্প্রসারণ এবং দূষণকারী ইটভাটার বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
এছাড়া নগরজীবনে শব্দদূষণ কমাতে যানবাহনের অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এ ক্ষেত্রে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তিকে হর্ন নিয়ন্ত্রণেও কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা রাজধানীর পরিবেশগত মানোন্নয়ন, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা এবং দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে মতামত দেন।


























