ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শনে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১
র্যাবের ‘আয়নাঘর’ ঘুরে দেখার এক সপ্তাহ পর এবার ডিজিএফআই সদর দপ্তরের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) পরিদর্শনে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গুম, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলমান বিচারিক কার্যক্রমের অংশ হিসেবেই এই পরিদর্শন অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান, সদস্য বিচারক ও প্রসিকিউশন দলের সদস্যদের ডিজিএফআই সদর দপ্তরে যাওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরিদর্শন দলে থাকছেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। প্রসিকিউশন দলের নেতৃত্বে থাকবেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তার সঙ্গে আরও থাকছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী ও তাসমিরুল ইসলামসহ অন্য সদস্যরা। আসামিপক্ষের আইনজীবীদেরও এই পরিদর্শনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে গত ১ আগস্ট রাজধানীর উত্তরায় র্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যা আলোচিত ‘আয়নাঘর’ নামে পরিচিত, পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা। সেখানে তারা ছোট-বড় ২৯টি কক্ষ এবং সাতটি ডেথ সেল ঘুরে দেখেন। অভিযোগ রয়েছে, এসব কক্ষে দীর্ঘ সময় ধরে ব্যক্তিদের গোপনে আটকে রেখে নির্যাতন করা হতো।
গোপন বন্দিশালা পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয় গত ২১ জুলাই, যখন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালে আবেদন করেন। শুনানিতে তিনি আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ের শাসনামলে বিরোধী মতাদর্শের ব্যক্তিদের গোপনে তুলে নেওয়া, আটকে রাখা, নির্যাতন ও গুমের অভিযোগ তুলে ধরেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে বাস্তবভিত্তিক করতে অভিযোগে উল্লিখিত স্থাপনাগুলোর ভৌত অবস্থা, কক্ষ বিন্যাস, নিরাপত্তা ব্যবস্থা এবং সম্ভাব্য নির্যাতনকেন্দ্র হিসেবে ব্যবহারের অভিযোগগুলো সরেজমিনে যাচাই করছে ট্রাইব্যুনাল।
ধারাবাহিক এই পরিদর্শন কার্যক্রমকে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে গুম ও নির্যাতনের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর বাস্তব চিত্র আদালতের সামনে উপস্থাপনের প্রস্তুতির অংশ হিসেবেই জেআইসি পরিদর্শনকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

























