টাঙ্গুয়ার হাওরে প্রবেশে নিষেধাজ্ঞা
পরিবেশ, জীববৈচিত্র্য, প্রতিবেশগত ভারসাম্য ও পর্যটকদের নিরাপত্তায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে সব ধরনের হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। এ সংক্রান্ত ১১টি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।
একই সঙ্গে হাওরে চলাচলকারী সকল নৌযানের মালিক ও পরিচালনাকারীদের আগামী ১০ আগস্টের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ, ২০২৫’ -এর আলোকে পরিবেশ রক্ষা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ১৩ দফা জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। এসব নির্দেশনা লঙ্ঘিত হলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধান নির্দেশনাসমূহ- পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষিত সীমানায় সকল প্রকার হাউসবোট ও পর্যটকবাহী নৌযানের প্রবেশ ও চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
হাওরের পরিবেশ রক্ষায় হাউসবোটে উচ্চস্বরে গান-বাজনা, মাইক ব্যবহার এবং পার্টির আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহনও নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি নৌযানে বিশুদ্ধ পানির ফিল্টার, বাধ্যতামূলক সেপটিক ট্যাংক এবং অন্তত দুটি ডাস্টবিন রাখতে হবে। কোনো অবস্থাতেই হাওর বা জলাশয়ে বর্জ্য ফেলা যাবে না।
আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রশাসক কার্যালয়ে তালিকাভুক্তি ও নিবন্ধনের জন্য আবেদন দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে সংশ্লিষ্ট হাউসবোট, নৌযান, ট্যুর অপারেটরকে পর্যটন কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করা হবে না এবং প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।























