জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শনিবার জাতীয় স্মরণসভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের স্মরণে আগামী শনিবার (৪ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ স্মরণসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় স্মরণসভার কার্যক্রম শুরু হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণের কথা রয়েছে।
‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজনের উদ্যোগ নিয়েছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাইযোদ্ধা’। আয়োজকদের ভাষ্য, শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, তাঁদের স্মৃতি সংরক্ষণ এবং গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
স্মরণসভায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁদের অবদান ও আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

























