জুলাইয়ের সাহসী যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান, উপহার দিলেন সিএনজি ও রিকশা
জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া কয়েকজন সংগ্রামী মানুষের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী জীবনের পথ সহজ করতে সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নিজ হাতে উপহারগুলো তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের শারীরিক অবস্থা, পারিবারিক পরিস্থিতি ও জীবিকার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।
গুলিবিদ্ধ শিক্ষার্থীর হাতে সিএনজি
নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ একটি সিএনজি অটোরিকশা পেয়েছেন। জীবিকার প্রয়োজনে তিনি আগে থেকেই সিএনজি চালাতেন এবং সেই আয়ে নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারের ব্যয় বহন করতেন।
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুর-১০ এলাকায় অংশ নেওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। তার শরীরে এখনো ৩৬টি গুলির স্প্লিনটার রয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে তাকে পড়াশোনা অব্যাহত রাখার পরামর্শ দিয়ে বলেন, “যেকোনো অবস্থাতেই পড়াশোনা চালিয়ে যেতে হবে।”
আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়া সেই রিকশাচালক পেলেন দুটি রিকশা
কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফার উপহার হিসেবে পেয়েছেন দুটি প্যাডেলচালিত রিকশা। গণঅভ্যুত্থানের সময় তিনি রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেছেন এবং নিজের রিকশায় আহত ব্যক্তিদের হাসপাতালে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি জানান, একটি রিকশা নিজে চালিয়ে ঢাকায় জীবিকা নির্বাহ করবেন এবং অন্যটি ভাড়ায় চালিয়ে অতিরিক্ত আয় করবেন।
প্রবীণ অসহায় ব্যক্তির জন্য দুটি ব্যাটারিচালিত অটোরিকশা
বগুড়ার গাবতলী উপজেলার আসাদুল হক বিশু (৬৫)-কেও সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন কর্মসংস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করা এই প্রবীণ ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, যা তার আয় ও জীবিকার নতুন সুযোগ তৈরি করবে।
নিরাপদ পরিচালনায় প্রধানমন্ত্রীর নির্দেশনা
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শুধু উপহার প্রদানেই সীমাবদ্ধ থাকেননি; তিনি বাহনগুলো কীভাবে পরিচালনা করা হবে, সেগুলো ব্যবহার করে কীভাবে নিরাপদে গন্তব্যে পৌঁছতে হবে, সে বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। উপহার পাওয়া ব্যক্তিরা যেন দ্রুত স্বাবলম্বী হতে পারেন, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সরকারের এই উদ্যোগকে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তৃণমূলের সাহসী মানুষদের প্রতি সম্মান ও তাদের পুনর্বাসনের একটি মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
























