জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ প্রতিপাদ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করেছে সরকার।
রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ স্মারক ডাকটিকিটের উদ্বোধন করেন।
এ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড এবং একটি বিশেষ উদ্বোধনী খাম প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতি বছর ৬ জুলাই পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ ডাক বিভাগ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে থাকে। এর মাধ্যমে দেশের গ্রামীণ উন্নয়ন, পল্লী অর্থনীতির অগ্রগতি এবং এ খাতে গুরুত্বপূর্ণ অবদানকে সম্মান জানানোর পাশাপাশি দিবসটির তাৎপর্য সাধারণ মানুষের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরা হয়।

























