জাতিসংঘ পুলিশ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের আইনশৃঙ্খলা ও শান্তিরক্ষা কার্যক্রমে দেশের ভূমিকা তুলে ধরতে জাতিসংঘের পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট (ইউএন-কপস-৫)-এ যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী ৭ ও ৮ জুলাই জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনে তিনি পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতিনিধি দলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।
সম্মেলনে উদ্বোধনী অধিবেশনের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী তিনটি গুরুত্বপূর্ণ প্লেনারি সেশনে অংশ নেবেন। এসব অধিবেশনে জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, শান্তিরক্ষা মিশনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তঃদেশীয় নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মতো বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া উচ্চপর্যায়ের একটি নৈশভোজেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জাতিসংঘের বিভিন্ন শীর্ষ কর্মকর্তার সঙ্গে পৃথক বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলোচনায় উঠে আসবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন এবং ভবিষ্যৎ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণের নানা দিক। পাশাপাশি বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা রয়েছে।
সরকারি সূচি অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী ৫ জুলাই দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন। সফর শেষে আগামী ১২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।

























