ইরানে পরিকল্পিত হামলা স্থগিত করলেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সরে আসার সিদ্ধান্তকে সম্ভাব্য বড় ধরনের সংঘাত এড়ানোর চেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
তবে ইরানের সঙ্গে দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানো সম্ভব হলেই এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি। ফলে দীর্ঘদিন ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে সামরিক সংঘাতের পরিবর্তে নতুন করে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে।
রোববার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হওয়ায় তিনি পরিকল্পিত সামরিক অভিযান আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তার দাবি, সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে এবং এই উদ্যোগের বিষয়ে ইসরায়েলেরও সমর্থন রয়েছে।
এর আগে মার্কিন গণমাধ্যম জানিয়েছিল, ট্রাম্প চলতি সপ্তাহেই ইরানের ওপর নতুন ও তীব্র হামলা চালানোর পরিকল্পনা করছিলেন।
সম্প্রতি তেহরান উত্তেজনা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। দেশটি বলেছে, ওয়াশিংটনকে সহযোগিতা করা যেকোনো আঞ্চলিক রাষ্ট্র ‘যুদ্ধের আগুনে ভস্মীভূত হবে’।
মার্কিন সরকার এর আগে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং ওই অঞ্চলে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছিল।























