ইরাকে বিস্ফোরণে মার্কিন সেনা নিহত, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও গভীর
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনার মধ্যে উত্তর ইরাকে এক মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন সেনা। শনিবার ঘটে যাওয়া এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকমের তথ্য অনুযায়ী, ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত বিস্ফোরক নিরাপদে নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে নিয়ন্ত্রিত বিস্ফোরণ চালানোর সময় দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই এক সেনার মৃত্যু হয় এবং আরেকজন আহত হন।
এদিকে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে শুক্রবারের হামলার পর তল্লাশি চালিয়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করেছে মার্কিন বাহিনী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ডিএনএসহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের কাজ চলছে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও অভিযোগের মাত্রা বেড়েছে। ওয়াশিংটন ইরানের কয়েকটি বন্দরের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। জবাবে তেহরান হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়ে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে সামরিক অভিযান অব্যাহত রেখেছে।
প্রায় এক মাস আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে নতুন হামলা চালিয়েছে। সেন্টকমের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল হরমুজ প্রণালীতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং জর্ডানে হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির যাচাইকৃত ভিডিওতে জর্ডানের ওই সামরিক স্থাপনায় অন্তত দুটি আঘাত ও একটি বড় বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সবশেষ তথ্য অনুযায়ী, চলমান এই সংঘাতে নিহত মার্কিন নাগরিকের সংখ্যা বেড়ে ১৭ জনে পৌঁছেছে। এর মধ্যে চলতি মাসের শুরুতে নিখোঁজ হওয়া এক মার্কিন নৌবাহিনীর পাইলটকে মৃত ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, গত তিন সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটিতে অন্তত ৫০ জন নিহত এবং ৫ শতাধিক মানুষ আহত হয়েছেন।
























