ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে ৭ ঘণ্টা ধরে আটকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট, ভোগান্তিতে প্রায় ৩ শত যাত্রী
কাগজের খবর প্রতিবেদক :
যুক্তরাজ্য থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট ইতালির রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ ঘণ্টা ধরে আটকে রয়েছে। ফ্লাইটটিতে প্রায় ৩ শত জন যাত্রী রয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘ অপেক্ষায় পড়ে চরম ভোগান্তিতে আছেন যাত্রীরা।
জানা গেছে, লন্ডন থেকে ছেড়ে আসা বিমানটি রোম বিমানবন্দরে জ্বালানি ও ক্যাটারিং (খাবার) সংগ্রহের পর ঢাকার উদ্দেশে পুনরায় উড্ডয়নের কথা ছিল। তবে টেকনিক্যাল সমস্যার কারণে নির্ধারিত সময়ে বিমানটি উড্ডয়ন করতে পারেনি। ৭ ঘণ্টা পেরিয়ে গেলেও বিমানটি রোম বিমানবন্দর ছাড়তে পারেনি। এ সময় যাত্রীরা বিমানবন্দরেই অপেক্ষা করছেন।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট জেনারেল ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগে এই লন্ডনগামী ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি করে জ্বালানি ও ক্যাটারিং সংগ্রহ করত। পরবর্তীতে রুট পরিবর্তনের পর বর্তমানে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে যাত্রাবিরতি করে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করছে।
তবে টেকনিক্যাল সমস্যার প্রকৃতি, বিমানটি কখন উড্ডয়ন করবে এবং যাত্রীদের জন্য কী ধরনের বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
























