ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবি সংসদে, নারী শিক্ষায় নতুন উদ্যোগের ইঙ্গিত প্রধানমন্ত্রীর
রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং ইডেন মহিলা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হেলেন জেরিন খান।
বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের নারী শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ইডেন মহিলা কলেজ সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে প্রায় ২৩ হাজার শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন। প্রতিষ্ঠানটির ঐতিহ্য, অবদান এবং শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে এটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সময় এসেছে বলে তিনি মনে করেন।
হেলেন জেরিন খান স্মৃতিচারণ করে জানান, ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ইডেন মহিলা কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। ওই সময় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সংশ্লিষ্ট শিক্ষামন্ত্রীর সঙ্গে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার বিষয়ে আলোচনা হয়েছিল। প্রাথমিক প্রস্তুতিও নেওয়া হয়েছিল, তবে সে সময়ের রাজনৈতিক বাস্তবতায় উদ্যোগটি আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, বিএনপি বরাবরই নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নকে রাষ্ট্রীয় অগ্রাধিকারের বিষয় হিসেবে দেখেছে। অতীতে মেয়েদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ চালু করা হয়েছিল। বর্তমান সরকার সেই সুবিধা ডিগ্রি ও অনার্স পর্যায় পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে এ মুহূর্তে তার কাছে বিস্তারিত তথ্য নেই। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা দিতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, নারী শিক্ষার বিস্তার এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি জানান, ডিগ্রি ও অনার্স পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর বিষয়েও সরকার ইতিবাচকভাবে কাজ করছে।


























