নিউজিল্যান্ডে শিক্ষার্থী ভিসায় বড় পরিবর্তন, কাজের সময় কমল গবেষণারতদের
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতিতে চারটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড সরকার। নতুন বিধিমালায় মাস্টার্স বাই রিসার্চে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাজের সুযোগে সীমা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা, ভিসার আবেদন যাচাই এবং কোর্স শেষ হওয়ার পর দেশটিতে অবস্থানের সময়সীমাতেও এসেছে পরিবর্তন।
ইমিগ্রেশন নিউজিল্যান্ডের (আইএনজেড) নতুন নির্দেশনা অনুযায়ী, মাস্টার্স বাই রিসার্চের শিক্ষার্থীরা এখন থেকে সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা কাজ করতে পারবেন। তবে নির্ধারিত ছুটির সময়ে পূর্ণকালীন কাজের সুযোগ বহাল থাকবে। এর আগে এই শ্রেণির শিক্ষার্থীদের কাজের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা ছিল না।
ইংরেজি দক্ষতায় গুরুত্ব, বাড়ছে ভিসা যাচাই
নতুন নীতিমালায় ভিসার শর্ত পালনের সক্ষমতা যাচাইয়ে শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আবেদনকারীরা ভিসার নিয়ম ও শর্ত যথাযথভাবে বুঝে মেনে চলতে পারবেন কি না, তা বিবেচনায় নেওয়া হবে।
এ ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের তদন্ত বা নিষ্পত্তি চলমান থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভিসা আবেদন সাময়িকভাবে স্থগিত রাখার ক্ষমতা পেয়েছে ইমিগ্রেশন নিউজিল্যান্ড। আগে এ ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও নতুন নিয়মে এর আওতা আরও বিস্তৃত করা হয়েছে।
কোর্স শেষের পর বাড়তি অবস্থানের সুযোগ
নতুন পরিবর্তনে নির্দিষ্ট কিছু শিক্ষার্থীর জন্য কোর্স শেষ হওয়ার পর ভিসার মেয়াদ শেষ হওয়ার আগের অতিরিক্ত সময় এক মাস থেকে বাড়িয়ে দুই মাস করা হয়েছে। তবে ৩১ মার্চ ভিসার মেয়াদ শেষ হওয়ার বিদ্যমান বিধানে কোনো পরিবর্তন আনা হয়নি।
আগে শিক্ষার্থীর কোর্সের ধরন ও মেয়াদ অনুযায়ী ৩১ মার্চ অথবা কোর্স শেষ হওয়ার এক মাস পর ভিসার মেয়াদ শেষ হতো। নতুন নিয়মে যোগ্য শিক্ষার্থীরা প্রযোজ্য ক্ষেত্রে কোর্স শেষ হওয়ার পর আরও দুই মাস সময় পাবেন।
নতুন এই পরিবর্তনের ফলে নিউজিল্যান্ডে পড়তে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের ভর্তির আগে শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মকানুন, কাজের অনুমতি এবং ভিসার শর্ত ভালোভাবে যাচাই করার প্রয়োজনীয়তা বেড়েছে। বিশেষ করে গবেষণাভিত্তিক মাস্টার্সে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের কাজের সময়সীমা মাথায় রেখে আর্থিক ও পড়াশোনার পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
























