সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১০ অক্টোবর) এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকতা পেশায় আমির খসরুর দীর্ঘদিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজের মাধ্যমে তিনি সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমির খসরুর মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে শূন্যতার সৃষ্টি হলো। বরাবরই তাঁর লেখনী ছিল গণতন্ত্র, সত্য ও যুক্তির পক্ষে সোচ্চার।
প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
বাংলাদেশে ভয়েস অব আমেরিকার সাবেক প্রতিনিধি ও সাপ্তাহিক বুধবারের সাবেক নির্বাহী সম্পাদক আমির খসরু শনিবার মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।

























