নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে যুবক আটক ডোপ টেস্টে গাঁজা সেবনের প্রমাণ।
বিপ্লব তালুকদার (নাটোর জেলা প্রতিনিধি)
নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মোঃ আব্দুর রউফ (২৮) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। ডোপ টেস্টে তাঁর শরীরে গাঁজা সেবনের উপাদান পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে নলডাঙ্গা থানা পুলিশের এসআই (নিরস্ত্র) কাঞ্চন কুমার সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে রাত্রীকালীন টহল ডিউটি পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নলডাঙ্গা বাজার এলাকা থেকে আব্দুর রউফকে আটক করা হয়।
আটকের পর তাঁকে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডোপ টেস্ট করানো হয়। পরীক্ষায় তাঁর শরীরে গাঁজা সেবনের উপাদান পাওয়া যায়।
আটক আব্দুর রউফ নলডাঙ্গা বাজার এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুর রশিদ।
পরে তাঁর বিরুদ্ধে নলডাঙ্গা থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।






















