ঋণের চাপ ও জ্বালানি আমদানিতে সরকারের ব্যয় বেড়েছে: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, সরকারের ওপর বর্তমানে বিভিন্ন ধরনের আর্থিক চাপ রয়েছে। ঋণ পরিশোধের পাশাপাশি উচ্চমূল্যে তেল, ডিজেল ও গ্যাস আমদানির কারণে সরকারের ব্যয়ের চাপ বেড়েছে। এ কারণে সব ক্ষেত্রে প্রত্যাশিতভাবে কাজ করা সম্ভব হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন রুমিন ফারহানা।
তিনি বলেন, সরকারের বর্তমান পরিস্থিতির জন্য শুধু সরকারকে দায়ী করা ঠিক হবে না। বিভিন্ন খাতে ব্যয় এবং ঋণের দায় পরিশোধের পাশাপাশি জ্বালানি আমদানিতে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে সরকারকে। ফলে চাইলেও একসঙ্গে সব উন্নয়নকাজ এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ছে।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, তার সঙ্গে যুক্ত বিপুলসংখ্যক কর্মীকে তিনি নিজের পরিবারের সদস্যের মতো মনে করেন। মানুষের জন্য কাজ করাই তার প্রধান লক্ষ্য। তার হাতে যদি পুরো বাজেটও দেওয়া হতো, জনগণের কল্যাণে সেটি সর্বোচ্চভাবে কাজে লাগানোর চেষ্টা করতেন বলে মন্তব্য করেন তিনি।
নিজের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, জনগণ ও সরকারের মধ্যে যোগাযোগের একটি মাধ্যম হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। এলাকার উন্নয়ন ও মানুষের প্রয়োজনের বিষয়গুলো সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে তুলে ধরার চেষ্টা করছেন।
দীর্ঘ সময় এলাকায় তাকে দেখা না গেলে নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনের দিকে নজর রাখার কথাও বলেন রুমিন ফারহানা। তার ভাষ্য, সেখানে তার কর্মকাণ্ডের বিভিন্ন তথ্য পাওয়া যাবে।
তিনি বলেন, তাকে কোথাও সরাসরি দেখা না গেলেও ধরে নেওয়া যাবে না যে তিনি নিষ্ক্রিয় রয়েছেন। সংসদ কিংবা নিজ এলাকায়—কোনো না কোনোভাবে জনগণের জন্য কাজ করে যাচ্ছেন তিনি।

























