অদূর ভবিষ্যতে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বাংলাদেশের জনগণের জন্য উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে নিজের এই প্রত্যাশার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাত দিয়ে বিষয়টি জানা গেছে।
চিঠিতে বাংলাদেশের সাম্প্রতিক কঠিন সময়ের প্রসঙ্গ তুলে ধরে ট্রাম্প বলেন, দেশটির জনগণ দীর্ঘ সময় নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ট্রাম্প লিখেছেন, বাংলাদেশের মানুষ অনেক কঠিন পরিস্থিতি অতিক্রম করেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণ নিজেদের জন্য একটি অত্যন্ত সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবে বলে তিনি বিশ্বাস করেন।
এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এ সিদ্ধান্তকে ইতিবাচকভাবে নেওয়ার কথা উল্লেখ করে বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।
চিঠিতে ট্রাম্প বলেন, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর চিঠি তিনি পেয়েছেন এবং বাংলাদেশের কেনার সিদ্ধান্তকে তিনি অত্যন্ত প্রশংসার সঙ্গে দেখছেন। এ সিদ্ধান্তের বিষয়টি তিনি মনে রাখবেন বলেও উল্লেখ করেন।
চিঠির শেষাংশে তারেক রহমানের সঙ্গে ভবিষ্যতে সাক্ষাতের প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগ ও উদ্যোগের জন্যও কৃতজ্ঞতা জানান তিনি।
























