মার্কিন নিষেধাজ্ঞাকে সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ বলল ইরান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা শুধু একটি দেশের বিরুদ্ধে ‘অবৈধ অর্থনৈতিক যুদ্ধ’ নয়; বরং এটি সব দেশের বিরুদ্ধেই এক ধরনের ‘যুদ্ধ ঘোষণা’ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির ফারস সংবাদ সংস্থাকে দেওয়া বক্তব্যে বলেন, নতুন নিষেধাজ্ঞার ঘোষণা ‘সব স্বাধীন জাতিসংঘ সদস্য রাষ্ট্রের ওপর যুক্তরাষ্ট্রের সীমান্তের বাইরের কর্তৃত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা’।
বাঘেই বলেন, নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বের স্বাধীন ও জাতিসংঘের সদস্য দেশগুলোর ওপর নিজের আইন ও কর্তৃত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, কোনো দেশের সরকারই বিদেশি ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান বা বিমানবন্দরকে অন্য কোনো দেশের সঙ্গে বৈধ বাণিজ্য বন্ধ করতে বাধ্য করার অধিকার রাখে না। কারণ এসব প্রতিষ্ঠান নিজ নিজ দেশের আইনি ও সার্বভৌম ব্যবস্থার অধীনে পরিচালিত হয়।
অর্থনৈতিক চাপ প্রয়োগকে তিনি ‘আন্তর্জাতিক অপরাধ ও বেআইনি কাজ’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, নিষেধাজ্ঞার সঙ্গে নৌ অবরোধ যুক্ত হলে অন্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বকে সাময়িক ও অন্য একটি শক্তির ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভরশীল করে ফেলা হয়।
এ ধরনের ভয়ভীতি ও চাপের কাছে নতি স্বীকার করলে শেষ পর্যন্ত জাতীয় সার্বভৌমত্ব পুরোপুরি ক্ষয় হয়ে যাবে বলে মন্তব্য করেন ইরানি মুখপাত্র। তার ভাষায়, এটি হবে প্রকাশ্য ও পূর্ণমাত্রার ঔপনিবেশিকতার দিকে ‘বিপর্যয়কর প্রত্যাবর্তন’।

























