বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল, শপথ আজ
নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে।
রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিচারপতি এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত থাকবেন।
শপথ অনুষ্ঠান ঘিরে এরই মধ্যে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি শুরু হয়েছে। রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছানোর পর শপথের আনুষ্ঠানিকতাকে ঘিরে সেখানে ব্যস্ততা আরও বেড়ে যায়।
শপথগ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
























