কলকাতায় হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। মারা যাওয়া ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) ভোররাতে শহরের মির্জা গালিব স্ট্রিটে এ অগ্নিকাণ্ড ঘটে।
নিহতদের মধ্যে ছয় পুরুষ, দুজন নারী ও এক শিশু রয়েছে।
মির্জা গালিব স্ট্রিট একেবারে কলকাতা নিউমার্কেটের পাশেই অবস্থিত। নিউমার্কেটের পেছনের অংশ এবং এর আশেপাশের বেশ কিছু প্রধান গলি সরাসরি মির্জা গালিব স্ট্রিটের (সাবেক ফ্রি স্কুল স্ট্রিট) সঙ্গে যুক্ত হয়েছে।
পুলিশ জানিয়েছে, হোটেলটির চারতলায় আগুন লাগে। বুধবার (১৯ আগস্ট) ভোর ৩টার দিকে আগুন লাগার খবর পায় পুলিশ ও দমকল বাহিনী। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে হোটেলের একটি অংশ পুড়ে যায় এবং ৯ জনের মৃত্যু হয়।
দমকল বাহিনীর ভাষ্যমতে, অগ্নিকাণ্ডে নিহত নয়জনই বাংলাদেশি নাগরিক ছিলেন, যারা চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন বলে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংবাদমাধ্যম বলছে, আগুন লাগার সময় হোটেলের বিভিন্ন কক্ষে অনেকেই ঘুমিয়ে ছিলেন। বাইরে থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল না বলে দাবি করেছেন স্থানীয়রা। শুধু কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই হোটেলের ভেতর থেকে বহু মানুষ বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন।
অভিযোগ রয়েছে, হোটেলের প্রবেশ-বেরোনোর পথ খুবই সংকীর্ণ। এতে করে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এখন পর্যন্ত ৬০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে তাদের মধ্যে অনেকেই অচেতন হয়ে পড়েন। তাদের হাসপাতালে পাঠানো হয়।























