রাজধানীতে চালু হচ্ছে ‘মহিলা বাস’, চালক-হেলপারও নারী
রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস। আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে নির্ধারিত রুটে চলবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এই বিশেষ বাস। এ সার্ভিসে শুধু নারী যাত্রীরা চলাচল করতে পারবেন। বাসের চালক ও কন্ডাক্টর হিসেবেও দায়িত্ব পালন করবেন নারীরা।
মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করা হবে। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের জন্য এ বিশেষ গণপরিবহন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআরটিসি।
সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারীদের জন্য নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন গণপরিবহন নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য। একই সঙ্গে পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
এ ছাড়া অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।
উদ্বোধনের পর নির্ধারিত রুটে নিয়মিত চলাচল করবে ‘মহিলা বাস’। নারীদের নিরাপদ যাতায়াতের পাশাপাশি গণপরিবহন ব্যবস্থায় নারীদের কর্মসংস্থান বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বিআরটিসি।

























