‘হারিকেন সামনে, পেছনে ফ্যান—এ কেমন বিদ্যুৎবিরোধী আন্দোলন’: প্রধানমন্ত্রী
বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে চলমান রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সংকটকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কয়েক দিন আগে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের হারিকেন হাতে বিদ্যুতের দাবিতে কর্মসূচি পালন করতে দেখা গেছে। অথচ তাঁদের পেছনে ফ্যান চলছিল। এমন কর্মকাণ্ডকে তিনি রাজনৈতিক হঠকারিতা হিসেবে উল্লেখ করেন।
তিনি জানান, গ্যাস সরবরাহের সমস্যা কাটিয়ে উঠতে সরকার কাজ করছে। এরই মধ্যে কিছু কারিগরি ত্রুটি কমানো হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী সবাইকে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানান।
একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে সংকট সমাধানের কার্যকর পরিকল্পনা দিতে পারলে সরকার সেই পরিকল্পনা গ্রহণ করতে প্রস্তুত।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি স্থিতিশীল করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দ্রুতই সাধারণ মানুষ চলমান ভোগান্তি থেকে স্বস্তি পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
























