হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের
হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নৌবাহিনী হরমুজে পেতে রাখা মাইন অপসারণের কাজ করছে বলেও উল্লেখ করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে জয়েন্ট বেস অ্যান্ড্রুসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইরান পরিস্থিতি ঠিকঠাক চলছে—একেবারেই ঠিকঠাক। হরমুজ প্রণালি আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এর ওপর একমাত্র আমাদেরই নিয়ন্ত্রণ রয়েছে, অন্য কারও নয়। আমাদের নৌবাহিনী অবিশ্বাস্য রকমের শক্তিশালী এবং আমাদের দেশের জন্য সবকিছু দারুণভাবে এগিয়ে চলেছে।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি ইরানকে বিশ্বাস করি না। ইরানকে বিশ্বাস করার মতো শেষ ব্যক্তি হব আমি; তারা অনবরত আমার কাছে মিথ্যা বলেছে। হরমুজ প্রণালির ওপর আমাদের এখন পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে; তাদের (ইরানের) কোনো নিয়ন্ত্রণ নেই।’
হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের সঙ্গে কোনো প্রকার আলোচনার সম্ভাবনাও একরকম উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তকরাষ্ট্র ইরানে অভিযান শুরুর পর হরমুজে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ জারি করে তেহরান। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে যুক্তরাষ্ট্রও।
তারপর পাকিস্তানের মধ্যস্থতার ভিত্তিতে গত ১৭ জুন ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র ও ইরান। এই চুক্তি স্বাক্ষরের পর হরমুজ থেকে অবরোধ তুলে নেয় ইরান। ইরানের বন্দরগুলো থেকেও প্রহরা তুলে নেয় মার্কিন নৌবাহিনী।
কিন্তু ১৩ জুলাই ইসলামাবাদ চুক্তি থেকে বের হয়ে যায় ইরান এবং হরমুজ প্রণালিতে ফের অবরোধ জারি করে।

























