৫ আগস্ট ঘিরে সারাদেশে বাড়তি সতর্কতা, নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ
৫ আগস্টকে সামনে রেখে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দিনটির গুরুত্ব এবং বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশজুড়ে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীকে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়েছে।
তিনি বলেন, পুলিশের যানবাহন যেন চালক ছাড়া কোথাও ফেলে রাখা না হয় এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যরা যেন সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকেন—এমন নির্দেশনাও দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, ৫ আগস্ট উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা ও চূড়ান্ত করতে সরকার, আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে শিগগিরই একটি উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।
সম্প্রতি মতিঝিল ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব ঘটনা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে ঘটানো হয়ে থাকতে পারে। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনাগুলোর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, বিদেশ থেকে পরিচালিত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও কিছু সন্দেহভাজন গোষ্ঠীর কর্মকাণ্ড গোয়েন্দা সংস্থাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
তার ভাষ্য, সরকারের লক্ষ্য হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং ৫ আগস্টকে কেন্দ্র করে যেন কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
























