অস্ট্রেলিয়ায় ভালো কিছু করতে চায় বাংলাদেশ
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল প্রথম বহর। শনিবার রাতে দ্বিতীয় বহরের দলে ছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনসহ আরও কয়েকজন কর্মকর্তা। ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সাবেক এই অধিনায়ক।
বাশার বলেন, ‘চ্যালেঞ্জ তো ২৩ বছর আগেও ছিল, এখনও আছে। অবশ্যই ২৩ বছর আগের লক্ষ্যটা একরকম ছিল, এখনকার লক্ষ্যটা ভিন্ন। তখনকার প্রেক্ষাপট একরকম ছিল, এখনকার প্রেক্ষাপট অন্যরকম। অবশ্যই, তখন আসলে আমাদের মূল লক্ষ্য ছিল টিকে থাকা। তবে আমরা শুধু টিকে থাকতে যাচ্ছি না, আমরা ভালো কিছু করতে চাই।’
দলের জন্য ইতিবাচক খবর হিসেবে দেখছেন লিটন কুমার দাসের স্কোয়াডে ফেরা। তবে পেসার নাহিদ রানাকে পাওয়া নিয়ে এখনও শঙ্কা রয়েছে বলে জানান প্রধান নির্বাচক। শরিফুল ইসলাম সুস্থ হয়ে ফিরতে পারলে সেটিও দলের জন্য বড় স্বস্তি হবে বলে মনে করেন তিনি।
বাশার বলেন, ‘আমার মনে হয়, সবাই খুব রোমাঞ্চিত। যাদের সঙ্গে দলের যতটুকু কথা হয়েছে, গেলে আরও ভালোভাবে কথা হবে। সবাই এখানে বিশেষ কিছু করে তাদের ক্যারিয়ারে মনে রাখার মতো কিছু করতে চায়। আমরা জানি যে চ্যালেঞ্জটা অনেক বেশি। অবশ্যই অস্ট্রেলিয়া খুব শক্তিশালী দল। কিন্তু সবাই এমন কিছু করতে চায়, যেটা সারা জীবন মনে রাখতে পারবে, যেটা তাদের ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন হতে পারে। আমার মনে হয়, সবাই খুব ইতিবাচক। জানি কাজটা কঠিন, অবশ্যই কঠিন। কিন্তু কাজটা করতে পারলে সবারই ভালো লাগবে।’
























