স্ত্রী-শাশুড়িকে খুন করে কলাবাগান থানায় হাজির যুবক
রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকার একটি বাসায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে মো. শিপন নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর যুবক নিজেই কলাবাগান থানায় গিয়ে হাজির হন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে কলাবাগানের কিচেন গলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, স্ত্রী রাত্রি (২০) ও শাশুড়ি ফিরোজা বেগম (৩৫)। পরে গুরুতর আহত অবস্থায় মা ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং মেয়ে ‘রাত্রি’ ঘটনাস্থলেই মারা যান।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের একপর্যায়ে বাগবিতণ্ডা শুরু হয়। এসময় রাত্রির মা মেয়ের পক্ষ নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
এতে ক্ষিপ্ত হয়ে শিপন প্রথমে তার স্ত্রীকে ছুরিকাঘাত করেন। পরে শাশুড়িকেও ছুরিকাঘাত করেন।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, ঘটনার পর শিপন নিজেই থানা এসে হাজির হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, রাত্রির সঙ্গে শিপনের ডিভোর্স হয়ে গিয়েছিল, এরপরও তারা একসঙ্গেই থাকতেন।

























