ইতালিতে বাংলাদেশ মিলান কনস্যুলেটের নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
উত্তর ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। পাসপোর্ট ডেলিভারি গ্রহণের সময়সীমা পরিবর্তন করে নতুন সময় নির্ধারণ করা হয়েছে বলে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কনস্যুলেট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সেবাগ্রহীতার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত সময় ধরে সেবা প্রদান করতে হচ্ছে। এতে কনস্যুলেট ভবনের আশপাশে ভিড়, শব্দদূষণ এবং প্রতিবেশীদের অসুবিধা নিয়ে অভিযোগ তৈরি হয়েছে। বিশেষ করে ভবনের বাসিন্দা ও কনডোমিনিয়াম কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আপত্তি জানানো হয়েছে।
এ পরিস্থিতিতে ইতালীয় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কনস্যুলেট পাসপোর্ট ডেলিভারির সময় পুনর্নির্ধারণ করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, পাসপোর্ট ডেলিভারি গ্রহণের সময় সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের বাইরে কোনো আবেদনকারীর কাছে পাসপোর্ট হস্তান্তর করা সম্ভব হবে না। তাই সংশ্লিষ্ট সবাইকে নির্দিষ্ট সময়ের মধ্যেই কনস্যুলেটে উপস্থিত হয়ে পাসপোর্ট সংগ্রহ করার অনুরোধ জানানো হয়েছে।
কনস্যুলেট আরও জানিয়েছে, আবেদনকারীকে নিজ পাসপোর্ট নিজে সংগ্রহ করতে হবে। পরিবারের অন্য সদস্যের পাসপোর্ট সংগ্রহের ক্ষেত্রে প্রয়োজনীয় লিখিত সম্মতিপত্র ও পরিচয় সংক্রান্ত প্রমাণপত্র দেখাতে হবে। স্বামী-স্ত্রী, বাবা-মা বা অভিভাবকের পক্ষে পাসপোর্ট গ্রহণের ক্ষেত্রেও নির্ধারিত কাগজপত্র জমা দিতে হবে।
পাসপোর্ট সংগ্রহের সময় আবেদনকারীর মূল মানি রিসিপ্ট, ডেলিভারি স্লিপ, বর্তমান মূল পাসপোর্ট এবং হারানো পাসপোর্টের ক্ষেত্রে জিডির কপি ও রঙিন ফটোকপি সঙ্গে আনার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পাসপোর্ট হস্তান্তর করা হবে না বলেও সতর্ক করা হয়েছে।
এ ছাড়া পাসপোর্ট সংগ্রহের পর কনস্যুলেট ভবন, সিঁড়ি, কনডোমিনিয়ামের বাগান এবং ভবনের সামনের এলাকায় অযথা অবস্থান না করার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিটি ১ জুলাই ২০২৬ তারিখে জারি করা হয়েছে এবং তা উত্তর ইতালিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য কার্যকর থাকবে।
























