মানবতার ভিত্তি দর্শন, বিশ্বশান্তিতে দরকার সহনশীল চিন্তার ঐক্য
ঢাবির ছাত্র-শিক্ষক মিলনায়তনে আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত
মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের প্রধান ভিত্তি তার চিন্তা ও দর্শন— এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সুস্পষ্ট মানবিক দর্শন ছাড়া মানুষের সভ্যতা, নৈতিকতা ও মানবতার পূর্ণ বিকাশ সম্ভব নয়।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মানুষ যখন কেবল বেঁচে থাকার সংগ্রাম থেকে কিছুটা মুক্ত হয়ে নিজের অস্তিত্ব নিয়ে ভাবতে শুরু করে, তখনই তার মনে জন্ম নেয়— ‘আমি কোথা থেকে এসেছি’ এবং ‘আমার গন্তব্য কোথায়’— এই চিরন্তন প্রশ্নগুলো। সেই অনুসন্ধান থেকেই দর্শনের বিকাশ ঘটে এবং পরবর্তীকালে ধর্মীয় চিন্তাধারাও দর্শনচর্চার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে ওঠে।
তিনি বলেন, পৃথিবীর সব ধর্মেই মানবকল্যাণের শিক্ষা রয়েছে। তবে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা ও মতধারার কারণে নানা দার্শনিক চিন্তার উদ্ভব হয়েছে। সনাতন ধর্মে যেমন বহু দর্শনের বিকাশ ঘটেছে, তেমনি ইসলামেও বিভিন্ন ব্যাখ্যা ও চিন্তাপদ্ধতির অস্তিত্ব রয়েছে। এটি প্রমাণ করে যে দর্শনচর্চা মানবসভ্যতার একটি চলমান ও বহুমাত্রিক প্রক্রিয়া।
বিশ্বশান্তির প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, মানবতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একটি সর্বজনীন মানবিক দর্শন গড়ে তোলা সময়ের দাবি। সংকট মোকাবিলায় দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যে ব্যক্তি বা সমাজ মানবিক দর্শনে বিশ্বাস করে, তারা সমস্যার গঠনমূলক সমাধান খোঁজে; আর সংকীর্ণ মানসিকতা বিভাজন ও সংঘাতকে দীর্ঘস্থায়ী করে তোলে।
তিনি বিশ্বব্যাপী চলমান শান্তি সংকট নিরসনে চিন্তাশীল মানুষদের মধ্যে একটি অভিন্ন দার্শনিক প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানান।
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।























