নবজাতকের জন্য মাতৃদুগ্ধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী
শিশুদের সুস্থ ও নিরাপদ বেড়ে ওঠার জন্য মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, জন্মের পরপরই শিশুকে শালদুধ পান করানো এবং অন্তত প্রথম কয়েক মাস মায়ের দুধ নিশ্চিত করা প্রতিটি পরিবারের দায়িত্ব।
শনিবার (১ আগস্ট) রাজধানীর ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এই কথা বলেন।
মন্ত্রী বলেন, মহান আল্লাহ মায়ের দুধকে শিশুর জন্য সর্বোত্তম পুষ্টি হিসেবে সৃষ্টি করেছেন। জীবনের শুরুতে শিশুর শারীরিক ও মানসিক বিকাশের সবচেয়ে বড় ভিত্তি হলো মাতৃদুগ্ধ। কিন্তু বর্তমানে সিজারিয়ান প্রসবের হার বৃদ্ধি এবং সচেতনতার অভাবে অনেক নবজাতক শালদুধ ও মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে জন্মের পরপর নবজাতককে মায়ের কাছ থেকে আলাদা রাখা, কর্মব্যস্ততা এবং অস্বাস্থ্যকর জীবনধারার কারণে শিশুর প্রাকৃতিক পুষ্টি ব্যাহত হচ্ছে। অপুষ্টির ঝুঁকি মোকাবিলায় নবজাতকের জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যেই শালদুধ পান নিশ্চিত করার কোনো বিকল্প নেই। মায়ের দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মানসিক বিকাশের মূল ভিত্তি। তাই বাজারজাত বিকল্প খাদ্যের ওপর অতিনির্ভরশীলতা কমিয়ে সব পর্যায়ে জনসচেতনতা বাড়াতে হবে।
স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























