সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার সকালে ঢাকার মালিবাগে সিআইডি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের আগে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ব্যারিস্টার মোশাররফ হোছাইন ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ প্রায় ৩০ বছরের কর্মজীবনে তিনি সিআইডি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন রেঞ্জ ও জেলা পুলিশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া সারদার বাংলাদেশ পুলিশ একাডেমি এবং সিআইডির বিভিন্ন বিশেষায়িত ইউনিটেও তিনি কাজ করেছেন। তদন্ত, গোয়েন্দা কার্যক্রম ও আধুনিক পুলিশ ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শিক্ষাজীবনে তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। ফরেনসিক বিজ্ঞান, অপরাধ তদন্ত ও আধুনিক পুলিশিং বিষয়ে দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক সম্মেলনেও অংশ নিয়েছেন তিনি।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে সংস্থার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।






















