জবিতে জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন-ফেরদৌস
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহিন মিয়াকে সভাপতি এবং ফেরদৌস শেখকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে কামরুল হাসান রিয়াজ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক হিসেবে জিহাদ ইসলাম শাওন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহিনুর রহমান ও রাকিবুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও মর্যাদা রক্ষাই ছাত্ররাজনীতির প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে কাজ করার প্রত্যাশা নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসন, দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প দ্রুত বাস্তবায়ন, শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং একটি নিরাপদ ও বৈষম্যহীন শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়ে তারা গুরুত্ব দেবেন।
অন্যদিকে সভাপতি শাহিন মিয়া কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও ইতিবাচক শিক্ষার পরিবেশ প্রতিষ্ঠাই তাদের অন্যতম লক্ষ্য। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক অস্থিরতা ও সহাবস্থানের নানা সমস্যার কারণে শিক্ষার্থীরা যেন শিক্ষাজীবনে বিঘ্নের মুখে না পড়েন, সে বিষয়ে নতুন কমিটি দায়িত্বশীল ভূমিকা পালনের চেষ্টা করবে।
শাহিন আরও বলেন, ব্যক্তিগত বা সাংগঠনিক স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণ, নিরাপত্তা ও একাডেমিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করাই হবে তাদের মূল অঙ্গীকার।
নতুন এই কমিটি ঘোষণার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

























