খুদে ক্রীড়াবিদদের উচ্ছ্বাসে মুখর আর্মি স্টেডিয়াম, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫–২৬’–এর জাতীয় পর্ব। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ জুলাই) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছে পুরো মাঠ প্রদক্ষিণ করেন। এ সময় গ্যালারিতে উপস্থিত হাজারো শিশু–কিশোরের অভিবাদনের জবাব দেন তিনি। শুধু দূর থেকে শুভেচ্ছা জানানোই নয়, অনেকের কাছে গিয়ে কুশল বিনিময় করেন এবং হাত মেলান। সরকারপ্রধানকে এতটা কাছে পেয়ে উচ্ছ্বাসে ভেসে যায় মাঠে উপস্থিত স্কুলশিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল ফাইনাল ছাড়াও বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এছাড়া শিক্ষার্থীদের বর্ণিল ডিসপ্লে ও সাংস্কৃতিক পরিবেশনাও উপভোগ করেন তিনি।
‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগানকে সামনে রেখে এবং ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত এই প্রতিযোগিতার যাত্রা শুরু হয় গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মাধ্যমে।
দেশের উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ বিভিন্ন ডিসিপ্লিনে অংশ নেয়। দীর্ঘ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সেরা প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় পর্ব, যার সফল সমাপ্তি ঘটল সোমবারের জমকালো আয়োজনের মধ্য দিয়ে।
আয়োজকদের আশা, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দেশের তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিশু–কিশোরদের খুঁজে বের করে ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের জন্য দক্ষ খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


























