জাতিসংঘে বাংলাদেশের শান্তি উদ্যোগের বার্তা, রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লোর একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ জুলাই ২০২৬ নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং মানবিক সংকট মোকাবিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয় ভূমিকা এবং আন্তর্জাতিক শান্তি বিনির্মাণে দেশের অঙ্গীকারের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছাসেবী ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি সহযোগিতা প্রয়োজন।
অপরদিকে রোজমেরি এ. ডি-কার্লো জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের দায়িত্বশীল ও গঠনমূলক অংশগ্রহণের প্রশংসা করেন। তিনি আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের ধারাবাহিক অবদানকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
বৈঠকে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ও জাতিসংঘের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার বিষয়েও মতবিনিময় হয়।






















