বাংলাদেশের গণতন্ত্রে পাশে থাকবে যুক্তরাজ্য, শিক্ষা-বিনিয়োগেও নতুন সহযোগিতার বার্তা
বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে শিক্ষা, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অভিবাসন, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের গণতন্ত্র, শিক্ষা এবং নারীর ক্ষমতায়নে সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করতে যুক্তরাজ্য ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত। পাশাপাশি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার আশাবাদও ব্যক্ত করেন।
আলোচনায় স্থানীয় সরকার নির্বাচনও গুরুত্ব পায়। এ সময় স্থানীয় সরকারমন্ত্রী জানান, আগামী ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সমন্বিতভাবে কাজ করছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় যুক্তরাজ্যকে একটি ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য বন্ধু হিসেবে দেখে। তিনি উল্লেখ করেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র আরও সুদৃঢ় হবে এবং উন্নয়নের গতি বাড়বে।
অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে মন্ত্রী ব্রিটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। জবাবে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে নতুন উদ্যোগ নেওয়ার কথাও তুলে ধরেন।
এদিকে একই দিনে স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ইউনাইটেড ন্যাশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস (ইউএনওপিএস) বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলও সৌজন্য সাক্ষাৎ করে।
সাক্ষাতে অবকাঠামো উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নগর এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নিয়ে মতবিনিময় হয়। ইউএনওপিএস প্রতিনিধিদল বাংলাদেশের টেকসই উন্নয়ন কার্যক্রমে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান এনডিসিসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















