ফিশারিতে গোপন অভিযান: অশ্লীল ভিডিও তৈরি ও অনলাইনে ছড়ানোর অভিযোগে নারীসহ ৮ জন আটক
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের আট সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে সাতজন পুরুষ ও একজন নারী রয়েছেন। অভিযানের সময় তাদের কাছ থেকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ১০টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঘাগড়া ইউনিয়নের শিবপুর এলাকার একটি মাছের খামারে (ফিশারি) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অভিযুক্তরা মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারণ ও তা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের কাজে জড়িত ছিলেন। এ সময় ঘটনাস্থল থেকে সাতজন পুরুষ ও একজন নারীকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন, যার মধ্যে দুই নারীও ছিলেন, দ্রুত সেখান থেকে পালিয়ে যান।
আটকদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রাথমিকভাবে পরীক্ষা করে তদন্তকারীরা দেখতে পান, ২০২৩ সাল থেকে বিভিন্ন সময়ে ধারণ করা শতাধিক অশ্লীল ভিডিও সেখানে সংরক্ষিত রয়েছে। এসব তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, চক্রটি দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা আলামত পরীক্ষা এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পূর্বধলা থানা পুলিশ।


























